ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।
রোববার রাত আটটার দিকে এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে রাত ১০টার দিকে পুলিশ অভিযুক্ত জাকির হোসেনকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকেন। রোববার রাতে শিশুটিকে একা পেয়ে জাকির তাকে একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে শত শত নারী-পুরুষ বাড়িটির সামনে জড়ো হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির একটি কক্ষে ঢ়ুকে দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। পরে ওসি মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশ তাঁকে থানায় নেওয়ার চেষ্টা করে।
পুলিশের ভাষ্য, জাকিরকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় উত্তেজিত জনতার মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা ছোড়া হয়। এতে ওসি মাহাবুব আলমের মাথায় ইটের আঘাত লাগে এবং তিনি আহত হন। পরে তাঁকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আটক জাকির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে চাঁদনী হাউজিং এলাকায় বসবাস করেন।
ফতুল্লা মডেল থানার পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




