ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত একটি জুট মিল থেকে একটি দেশীয় এলজি (লাইট গান) ও ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার এসআরবি-১১-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল ওই জুট মিলে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। পরে জুট মিলের আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় এলজি ও ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।




