রাশেদুল ইসলাম রনি,
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৪২টি অবৈধ রিং জাল (চায়না দুয়ারি) জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার দপ্তর পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়ন , সাধুরপাড়া, দশানী নদী ও জব্বারগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পানিতে পেতে রাখা অবৈধ জালগুলো উদ্ধার করা হয়।দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম ও বকশীগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, রিং জাল (চায়না দুয়ারি) ও কারেন্ট জালে মাছের পোনা, মা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। এতে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার এসব জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।




