আক্রামুজ্জামান আবির,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জে সড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় ছাইর উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত ছাইর উদ্দিন মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে বালিজুড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিকালে বালিজুড়ী বাজারের কাঁচা বাজারের রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা ছাইর উদ্দিনকে সজোরে ধাক্কা দেয়।এসময় গুরুতর আহত হন ছাইর উদ্দিন।
পরে তাঁকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু পরিস্থিতি খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জামালপুর সদর হাসপাতালে পাঠালে সেখানের চিকিৎসকরাও তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয় ।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




