নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও ১৮ মামলার আসামি মো. দিপুকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দর থানার মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারের সময় দিপুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু এবং বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দিপু (৩২) পূর্ব চাঁনপুর গ্রামের আবু কালামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বন্দর ও আশপাশের এলাকায় দিপু দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তার করে আসছিল।
নতুন স্থাপনা নির্মাণে মোটা অঙ্কের চাঁদা আদায়, চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া ও মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে মাসোহারা আদায় এবং পৈতৃক জমি জোরপূর্বক দখলের ঘটনাতেও সে এলাকায় কুখ্যাত বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, দিপুর নেতৃত্বে বন্দর ও মদনপুর এলাকায় মাদকের একটি বড় নেটওয়ার্ক গড়ে উঠেছিল, যেখানে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের কেনাবেচা হতো।
গ্রেফতারকৃত দিপুর বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।




