নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি পরিবহনকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।
র্যাব জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
পরে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বাস কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
র্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়, যা মোট ৮ হাজার ৫০০ টাকা। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




