ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরপর দুই দিন দুইটি লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। একটি গণধোলাইয়ে নিহত ছিনতাইকারীর ও অপরটি খালের পানিতে ভাসমান এক লাশ। তবে এর মধ্যে ছিনতাইকারীর পরিচয় শনাক্ত করা গেলেও অপর লাশ শনাক্ত করা সম্ভব হয়নি।
গত ৮ মার্চ ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা মোড়ের রাস্তা দিয়ে অটোরিকশাযোগে যাত্রীরা চলাচলের সময় একটি অটোরিকশা গতিরোধ করে হুন্ডাযোগে আসা তিন সশস্ত্র ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীরা যাত্রীদের দেশীয় অস্ত্র চাকু ও চাপাতির ভয় দেখিয়ে টাকা ও মালামাল ছিনতাই করছিল। একই সময় এ অটোরিকশার পাশদিয়ে যাচ্ছিল যাত্রীবাহী আরো একটি অটোরিকশা। তারা ছিনতাইয়ের ঘটনাটি বুঝতে পেরে ডাকচিৎকার করে ছিনতাইকারীদের ওপর ঝাপিড়ে পড়ে। তাদের আর্তচিৎকারে পথচারী ও লোক এগিয়ে আসেন। এ সময় তিন ছিনতাইকারীরর মধ্যে দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। জনতার হাতে আটক হয় এক ছিনতাইকারী। ক্ষুব্ধ পথচারী এ সময় তাকে গণধোলাই দিতে থাকে। এতে ঘটনাস্থলেই ঐ ছিনতাইকারী নিহত হয়। একই সময় উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ছিনতাইকারীর নাম পরিচয় জানতে পারেনি। তবে ঐ দিনই পরবর্তীতে তার পরিচয় জানতে পেরেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, গণপিটুনিতে নিহত ছিনাতাইকারীর নাম জাকারিয়া হোসেন হৃদয়। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চন্দ্রনারায়ণপুর গ্রামের দারুল হুদার ছেলে। সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার ওসমাগনি রোডে তিনি পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করতেন। ঐ সময় ঘটনাস্থল থেকে একটি চাকু ও একটি চাইনিজ চাপাতি উদ্ধার করা হয় বলে জানায় এসআই আতাউর রহমান।
তার লাশ পোস্টমর্টেম শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, তার বাকি ২ সহযোগীদের গ্রেফতারে কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি।
এদিকে ৯ মার্চ ৯নম্বর ওয়ার্ড জালকুড়ি এলাকারই একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যাক্তির (পুরুষ) লাশ উদ্ধার করে পুলিশ। সকালে স্থানীয়রা একটি খালের পানিতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে অদ্যবধি তার পরিচয় জানা সম্ভব হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, উদ্ধার হওয়া লাশের বয়স আনুমানিক ৩৫-৪০ বছরের হবে। লাশটি অর্ধগলিত হয়ে যাওয়ায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিখোঁজ কোনো ব্যক্তির সন্ধানে কেউ এখনো (বুধবার বিকাল ৪টা) আমাদের থানায় যোগাযোগ করেনি।




