নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। পড়ে তারা দেয়ালের নিচ থেকে শিশুর লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়রা শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান।




