ষ্টাফ রিপোর্টার:
বকেয়া বেতনের দাবীতে রূপগঞ্জের হাটাবো এলাকায় আম্বার বোর্ড মিল নামে একটি বোর্ড মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে । ঘন্টাব্যাপী সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের কারনে রাস্তার দুই দিকে প্রায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, এ সময় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার হাটাবো এলাকার আম্বার বোর্ড মিল কারখানার শ্রমিক কর্মকর্তাদের দের মাঝে এই অসন্তোষ দেখা দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আম্বার বোর্ড মিল কারখানায় ফার্নিচার বোর্ড উৎপাদন করা হয়। মালিকপক্ষ আগষ্ট মাসের ২৩:তারিখ কারখানা লে-অফ ছুটি ঘোষনা করেন, প্রায় দেড় মাস ছুটি থাকার পর স্থায়ীভাবে ফ্যাক্টরী বন্ধ ঘোষনা করেন। ফ্যাক্টরী বন্ধ ঘোষনা করলেও এখন পর্যন্ত আগস্ট মাসের বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ডের ভাতা সহ অন্যান্য পাওনাদি পরিশোধ করছে না, ইতোমধ্যে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে
তিন ধাপে বকেয়া বেতন সহ সকল টাকা পরিশোধের কথা থাকলেও পরিশোধ করছে না। নভেম্বর মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে সকল পাওনা পরিশোধ করার কথা থাকলেও তারা দিবো- দিচ্ছি করে তালবাহানা করছে। প্রায় ২০০ জন শ্রমিক কর্মকর্তা কর্মচারী বেতন-ভাতা না পেয়ে অর্ধাহারে – অনাহারে দিন কাটাচ্ছেন বলে জানান তারা।
মুদিমনোহরি দোকানিরা বাকিতে সদাই দিচ্ছেন না। বাড়িওয়ালারাও বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছেন শ্রমিকদের। এমন অবস্থায় শ্রমিকদের পিঠ দেয়ালের সঙ্গে লেগে গেছে। বকেয়া বেতন পরিশোধ না করলে তারা আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী বলেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেননি। তাঁরা এলে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।




