ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতা, অগ্নিসংযোগ ও আগুন সন্ত্রাসের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা জসিম দেওয়ানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা সূত্রের দাবি, ফতুল্লা থানা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক বিভিন্ন নাশকতা এবং অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর থানার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়
জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্রের দাবি, দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ একটি গেরিলা কাঠামো গড়ে তুলেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। ওই কাঠামোয় ফতুল্লা থানা এলাকার দায়িত্বে ছিলেন জসিম দেওয়ান বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। তবে তাকে গেরিলা কমান্ডার হিসেবে আখ্যায়িত করার বিষয়ে পুলিশের বক্তব্য কিছুটা ভিন্ন। সরকারিসেবা
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, জসিম দেওয়ানকে গেরিলা কমান্ডার বলা যাবে না। তবে ফতুল্লা থানা ও আশপাশের এলাকায় নাশকতা, অগ্নিসংযোগ এবং আগুন সন্ত্রাস পরিচালনায় তিনি মূল দায়িত্বে ছিলেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মিছিল ও বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া সোনারগাঁ থানায় দায়ের করা বাস পোড়ানোর মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
নিষিদ্ধ সংগঠনটির কোনো অঙ্গসংগঠনে জসিমের পদ-পদবি রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হাসিনুজ্জামান বলেন, কোনো কমিটিতে পদ-পদবি না থাকলেও তিনি জেলার সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের অনুসারী।
ডিবির একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সৈয়দপুরের ফকিরা বাড়ি সংলগ্ন একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় জসিম দেওয়ান ভবনের ছাদ থেকে পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পালানোর সম্ভাব্য পথ আগে থেকেই গোয়েন্দা পুলিশের সদস্যরা অবস্থান নিয়ে ঘিরে রাখায় তাকে আটক করা সম্ভব হয়।
অভিযানের পর তার কাছ থেকে বেশ কিছু লিফলেট, ডায়েরি ও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে বলে গোয়েন্দা সূত্র দাবি করেছে।
গ্রেপ্তারকৃত জসিম কাশিপুর দেওয়ান বাড়ীর বাসিন্দা। শশুড় বাড়ী সৈয়দপুর বলে পুলিশ জানতে পেরেছে।
এদিকে, নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, ২০ থেকে ২৫ দিন আগে জসিম দেওয়ান, উপল, আমিরসহ আরও কয়েকজন ফতুল্লা থানা ও বাজারের আশপাশের এলাকা ঘুরে দেখেছিলেন। ওই সময় বিষয়টি ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও প্রশাসনের একাধিক কর্মকর্তাকে অবগত করা হয়েছিল বলে সূত্রটি জানিয়েছে। তাদের ওই ঘোরাঘুরিকে সম্ভাব্য নাশকতার প্রস্তুতি হিসেবে সন্দেহ করা হচ্ছে।




