ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক ও হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমানকে ফোন করে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘ছাত্রদল কর্মী অনিক, তোফায়েলসহ ২০ থেকে ২৫ জন এসে আমার ওপর হামলা করে। এরা মূলত আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় পরিকল্পিতভাবে হামলা করে।
তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের একটি জায়গা লিজ নিয়ে কাজ শুরু করায় তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। পাশাপাশি মার্কেটের অর্ধেক অংশও দাবি করা হয়। এতে রাজি না হওয়ায় তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে থানায় চাঁদাবাজির অভিযোগ দেওয়ার পর বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব মুঠোফোনে বলেন, ‘ওনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, এবং তার সাথে চাঁদা বা মার্কেটের বিষয়ে কখনও কোন কথা হয়নি। কেন ফেরদৌস সাহেব আমার নাম বলতাছে বা কার প্রচারণায় বলতাছে সেবিষয়ে ওনি বলতে পারবে।
হামলার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঘুম থেকে উঠে শুনতে পেরেছি যে তার উপর হামলা হয়ে। তবে কেন হয়েছে সেটি বলতে পারছি না।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




