ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরবর্তীতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) সকালে মৃত্যুবরণ করেন।
নিহত সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা করছিলেন সোহেল।
বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চোর চোর বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত জনতা তাকে আটক করে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে যায় এবং সেখানে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত পার্শবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।




