ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসচালক মো. রনি (৪১) হত্যার ঘটনায় ঘাতক আল-আমিনকে (৩৫) প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে নিহতের স্ত্রী আফসানা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করা হয়েছে। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার আল-আমিনকে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আল-আমিনের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবককে কাঠের স্টাম্প দিয়ে মারধর করতে দেখেন রনি ও তার স্ত্রী। এ সময় তারা দাঁড়িয়ে বিষয়টি দেখলে আল-আমিন তাদের অকথ্য ভাষায় গালাগাল করে মারধরের চেষ্টা করেন।
এমনকি তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। মূলত ওই ঘটনার জেরেই আল-আমিনের সঙ্গে রনির পূর্ববিরোধের সৃষ্টি হয়।
এজাহারে আরো উল্লেখ করা হয়, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে রনি বাসা থেকে বের হয়ে চিটাগাং রোডের রেন্ট-এ-কার স্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় নিমাইয়ের বাড়ির সামনের পাকা সড়কে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে আল-আমিন ও অজ্ঞাতনামা কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান।
এ সময় আল-আমিনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রনির মুখ, মাথা, পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রনির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার আল-আমিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।




