নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভবনের ছাদে স্টেইনলেস স্টিলের পাইপ বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির মালিক আরফান মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার ছেলে ও অপর এক মিস্ত্রি আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ব্যবসায়ী মজিবর রহমানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরফান মোল্লা উপজেলার গোলাকান্দাইল এলাকার মৃত আফতাব মোল্লার ছেলে। আহতরা হলেন তার ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং একই কাজে নিয়োজিত মিস্ত্রি সাদিকুর রহমান (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরফান মোল্লা তার নির্মাণাধীন ভবনের চারতলার ছাদে স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ বসানোর কাজ করছিলেন। কাজ করার সময় লম্বা পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে তিনি তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা এবং কাজের সহযোগী মিস্ত্রি সাদিকুরও বিদ্যুতের আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।




