ষ্টাফ রিপোর্টার:
উচ্ছেদ অভিযানের মাস পার না হতেই পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পাথর পুড়িয়ে চুন তৈরির কাজ শুরু করা সেই বিতর্কিত ভাটাটি অবশেষে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।
ঊুধবার ( ১৬ সেপ্টেম্বর) ২০২৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাব এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিশেষ অভিযানে চুনের ভাটাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
তিতাস গ্যাস রূপগঞ্জ আঞ্চলিক বিপণন অফিসের ম্যানেজার রিয়াজ সাহেবের প্রত্যক্ষ নেতৃত্বে এই উচ্ছেদ ও ভাঙচুর অভিযান পরিচালিত হয়। তিতাস সূত্রের খবর, গত ৬ আগস্ট এই একই অবৈধ চুনের ভাটাতে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন এবং আংশিক ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসাধু চক্রটি অতি দ্রুত অবকাঠামো পুনর্র্নিমাণ করে এবং অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পুনরায় পাথর দিয়ে চুন তৈরির কাজ চালু করে।
আজকের আকস্মিক অভিযানে তিতাসের ভ্রাম্যমাণ দল ভেকু ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে চুন পোড়ানোর অবৈধ চুল্লি ও অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তিতাস কর্মকর্তা রিয়াজ সাহেব জানান, “জাতীয় সম্পদ গ্যাস চুরি করে বেআইনিভাবে চুনের ভাটা চালানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। একবার ভেঙে দেওয়ার পর যারা পুনরায় সংযোগ নেওয়ার দুঃসাহস দেখিয়েছে, তাদের বিরুদ্ধে এবার কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এলাকাবাসী জানায়, অবৈধ এই চুনের ভাটার তীব্র ধোঁয়া ও গ্যাসের অপচয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছিল। তিতাসের এমন কঠোর অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তিতাস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, রূপগঞ্জ জোনে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাাহত থাকবে।



