ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়।
র্যাব-১১ সূত্র জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল রাতে টহলের সময় গোপন সূত্রে খবর পায় যে, দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে একটি সন্দেহজনক শপিং ব্যাগ পড়ে আছে। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়।
এ সময় রাত সাড়ে ১২টার দিকে ব্যাগটি উদ্ধার করে খুলে দেখা হলে ভেতরে একটি বিদেশি রিভলবার পাওয়া যায়। পরে সেটি জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।




