বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব-১১।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বন্দর থানাধীন বাড়িখালী এলাকা থেকে স্থানীয় জনগণ রাকিব (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। রাকিব ওলাক পূর্ব কুশিয়ারা এলাকার হালিম মিয়ার ছেলে।
একই দিন দুপুরে র্যাব-১১-এর ওয়ারেন্ট অফিসার মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সামাদ ভূঁইয়া মার্কেটের সামনে থেকে ২০২০ পিস ইয়াবাসহ মোঃ মজিবুর রহমান (৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মজিবুর দেওভোগ এলাকার মৃত আলী আকবরের ছেলে।
অপরদিকে, বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর থানার এসআই মোঃ জাকির হোসেনের নেতৃত্বে অপর একটি টিম কয়লাঘাট এলাকায় শাহজাহানের মুদি দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। সেখান থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আলী আক্কাস (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ফরাজীকান্দা এলাকার মৃত আলী আকবরের ছেলে।
এছাড়া, বন্দর থানার অন্য একটি অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি রফিকুল ইসলাম সোহান (২৪)-কে গ্রেফতার করা হয়। সোহান লালখাঁরবাগ এলাকার আঃ রব মিয়ার ছেলে।
বন্দর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




