নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটা ব্যবসায়ী মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবী নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ইসমাইল (৪৪), মো. সবুজ (৩০), রাজু (২২), হাফেজ ওরফে হাফিজ (২৬), হোসাইন (২১) ও তানজিল ইসলাম (২০)। তাঁদের সবার বাড়ি বন্দরের বিভিন্ন এলাকায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বন্দরের শাসনবাগ এলাকায় আলিমুদ্দিন প্রধানের বাড়ির সামনে পাকা সড়কে জমি-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মোতালেবকে (৫০) দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন আসামিরা। পরে তাঁকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা (৪৫) বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ২৭ জুন সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
রায়ের সময় আদালতে ইসমাইল, মো. সবুজ, রাজু ও হাফেজ ওরফে হাফিজ উপস্থিত ছিলেন। অপর দুই আসামি হোসাইন ও তানজিল ইসলাম পলাতক ছিলেন।




