ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার মূল আসামি ডেভিডসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় ডেভিড পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
এ সময় হামলায় পুলিশের তিন সদস্য আহত হন।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় ফতুল্লা মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা ডেভিডকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। অভিযানের সময় ডেভিড ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে গোলাগুলির ঘটনা ঘটে।
এতে ডেভিড পায়ে গুলিবিদ্ধ হন এবং পুলিশের তিনজন সদস্য আহত হন। পরে ডেভিডের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী মো. আব্দুল্লাহসহ আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, কনস্টেবল আনোয়ার হত্যা মামলার মূল আসামি ডেভিডসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় গোলাগুলিতে ডেভিড গুলিবিদ্ধ হয়েছেন এবং পুলিশের কয়েকজন সদস্য হামলার (অ্যাসল্ট) শিকার হয়ে আহত হয়েছেন।
এর আগে রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। এ ঘটনায় পরদিন সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।




