নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ শাহজালালকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টারকে কেন্দ্র করে প্রতিবাদ ও আলোচনা সৃষ্টি হয়েছে। পোস্টারটিতে তার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তোলা হলেও অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য, নথি কিংবা প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে প্রতিবাদকারীদের দাবি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই পোস্টারে জনাব মোঃ শাহজালালকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল-মিটিং এবং গাড়ি পোড়ানোর ঘটনায় অর্থের জোগানদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের মতো কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পোস্টারটিতে উল্লেখ করা হয়নি।জনাব মোঃ শাহজালালের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, তাহলে তা যথাযথ তথ্য-প্রমাণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা হোক। আর অভিযোগ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা মানহানিকর প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। সংশ্লিষ্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তিকে নিয়ে গুরুতর অভিযোগ প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত আক্রোশ, রাজনৈতিক বিরোধ কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে কাউকে হেয়প্রতিপন্ন না করে, প্রকৃত ঘটনা যাচাইয়ের মাধ্যমে সত্য তুলে ধরা উচিত। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগগুলোর নিরপেক্ষ যাচাই হোক এবং তথ্য-প্রমাণের ভিত্তিতেই প্রকৃত সত্য সামনে আসুক।




