ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ (আমলাপাড়া গার্লস স্কুল) নামে পরিচিত এসএসসি পরীক্ষা ফরম ফিলাপের নামে ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বাণিজ্য চললেও এ বিষয়ে কিছু জানেন না অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আলী নুর খান।
উক্ত স্কুলে অতিরিক্ত টাকা আদায় করায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
জানা যায়, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য বিজ্ঞান বিভাগে ২৪৩৫ টাকা মানবিক বিভাগে ২৩১৫ টাকা ব্যবসা ও শিক্ষা বিভাগে ২৩১৫ টাকা নির্ধারন করে দিয়েছেন।
এছাড়াও ২০২৫ -২০২৬ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের ফরম ফিলাপ এক বিষয়ে ৮৩০ টাকা, দুই বিষয়ে ৯৫৫ টাকা, তিন বিষয়ে ১০৮০ টাকা নির্ধারন করে দেওয়া হলে আমলাপাড়া গার্লস স্কুল কর্তৃপক্ষ এক, দুই,তিন বিষয়ে নিচ্ছেন ১৭২৫ টাকা এর সাথে জরিমানা বাবদ আরো ২০০০ টাকা অর্থাৎ মোট ৩৭২৫ টাকা।
সরেজমিনে স্কুলে গিয়ে জানা যায়, অভিবাবক মহল অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ করেছেন তার শতভাগ সত্যতা পাওয়া গেছে।
এ ব্যাপারে শিক্ষক এবং কর্মচারীরা কেউ মুখ খুলতে না চাইলেও তারা বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি টিপু সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই মোতাবেক টাকা নিচ্ছি। আপনারা তার সাথে যোগাযোগ করেন।
তথ্যসন্ধানে জানা যায়,অনিয়মিত পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেওয়ার সরকারী নিয়ম না থাকলেও টিপুর নির্দেশে পরীক্ষা নেয়া হয়। যারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের কাছ থেকেও জরিমানা বাবদ ২০০০/ টাকা করে আদায় করছে।
অনিয়মিত পরীক্ষাদের ফরম ফিলাপ সরকারী ভাবে ৮৩০ টাকা হলেও সেখান থেকে টিপু গ্রহণ করছেন ৩৭২৫ টাকা। অর্থাৎ এক বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে ২৮৯৫ টাকা,২ বিষয়ে ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে ২৭৭০ টাকা,৩ বিষয়ে ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে ২৬৪৫ টাকা।
এছাড়াও নিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে ২৪৩৫ টাকা,মানবিক ও ব্যবসা এবং শিক্ষা বিভাগে ২৩১৫/ টাকা নেওয়ার কথা।
নিয়মিত পরীক্ষার্থীদের যারা এক ও দুই বিষয়ে ফেল করেছে তাদের কাছ থেকেও ২০০০/ টাকা থেকে ৫০০০/ টাকা পর্যন্ত আদায় করছে জরিমানার কথা বলে অভিযোগ পাওয়া গেছে।
ম্যানেজিং কমিটির সভাপতি এড আবু আল ইউসুফ খান টিপু শিক্ষার নামে বানিজ্য করায় স্থানীয় বাসিন্দা, অভিবাবক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এ ব্যাপারে উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এড আবু আল ইউসুফ খান টিপু মুঠোফোনে বলেন,মিটিংয়ে জরিমানার কথা বলা হয়েছে। এ কথা বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আলী নুর খান জাগো নারায়ণগঞ্জ ২৪. কমকে মুঠোফোনে বলেন,আমি এ বিষয়ে কিছু জানিনা।আপনার কাছে শুনলাম।আমি খোঁজ খবর নিচ্ছি।




