বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের প্রধান ফটক এবং নবনির্মিত মডেল মসজিদ সংলগ্ন সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত যুবদল নেতার নাম মোহাম্মদ নজরুল ইসলাম দিমান। তিনি বন্দর উপজেলা যুবদলের নেতা এবং কলাগাছিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের একদম প্রধান প্রবেশদ্বার এবং নতুন নির্মিত মডেল মসজিদের মতো স্পর্শকাতর স্থানে প্রকাশ্যে সরকারি জায়গা দখল করে দোকানঘরের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন ওই নেতা। অথচ এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বন্দর উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের চোখের সামনে দিনের আলোতে এভাবে সরকারি জায়গা দখলের ঘটনা ঘটলেও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সচেতন নাগরিকদের মতে, প্রশাসনের নাকের ডগায় এমন দখলদারিত্ব চললেও কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নীরব ভূমিকা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সরকারি জমি উদ্ধার এবং এ বিষয়ে দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।




