ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরের বারইপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়ায় পূর্বপরিকল্পিতভাবে বিচার সালিশি বৈঠকে আলমগীর হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ ২ জনকে গ্রেফার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জের লিংকরোডের সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
তিনি বলেন, ‘গত ৩ অক্টোবর বারইপাড়া সালিসি বৈঠক চলাকালে পূর্বপরিকল্পিতভাবে আলমগীর হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেন।
হত্যার জড়িতদের গ্রেফতারের জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জুয়েল ও ১৮ নম্বর আসামি আকিব ইবনে রাতুলকে গ্রেফতার করা হয়।’
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল পরিকল্পনাকারী জুয়েল জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।




