ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর দিক-নির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান ও অতিরিক্ত পুলিশ সুপার (“খ” সার্কেল) দীপংকর ঘোষ-এর প্রত্যক্ষ নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন-এর অংশগ্রহণে বন্দর থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে।
রবিবার ও সোমবার ৬ ও ৭ সেপ্টেম্বর, রাতে বন্দর থানার বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে সুইচগিয়ার চাকু ও ছিনতাইকৃত টাকাসহ ৩ জন ছিনতাইকারী, ২০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, পূর্বের বিভিন্ন মামলার ৬ জন আসামি, পরোয়ানাভুক্ত ১ জন এবং ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর রাত ৯:১৫ ঘটিকায় বন্দর রেললাইন ভাঙ্গা ব্রিজের ওপর থেকে সুইচগিয়ার চাকু ও নগদ টাকাসহ ছিনতাইকারী মোঃ জহির (২২), মোঃ আকাশ আহাম্মেদ নাজমুল (২২) ও মোঃ হোসেন (২২)-কে গ্রেফতার করা হয়। একই রাতে রাত ৯:২৫ ঘটিকায় সালেহনগর থেকে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ শাকিল (৩৬) ও মোঃ শাহিন (৪৫)-কে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া ৭ সেপ্টেম্বর গভীর রাতে পৃথক অভিযানে পূর্বের চুরি ও অন্যান্য মামলায় চোর মোঃ স্বপন (৩৩), মোজাম্মেল (১৯), সিফাত (১৮), মিনহাজ (১৯) এবং আসামি মুরাদ হোসেন (৩৫) ও মোঃ হিমন (২৯)-কে গ্রেফতার করা হয়। একই রাতে পরোয়ানাভুক্ত আসামি মোঃ রাকিবুল হাসান (৩৯) এবং মাদক সেবনরত অবস্থায় আরও ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে বন্দর থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




