ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে পুলিশের একটি অভিযানকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী স্ট্যাটাস দিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। অভিযানের তিন ঘণ্টা পর দেওয়া এই ফেসবুক পোস্টটি স্থানীয় মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে বন্দরের মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে অভিযান চালাতে যায় বন্দর থানা পুলিশের একটি দল। এ সময় সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
রাত প্রায় এগারোটার দিকে অভিযান শেষ হওয়ার পর ওসি জামাল উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাদকবিরোধী একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং লেখেন:“প্রিয় বন্দর এলাকাবাসী। পুলিশ সুপার নারায়ণগঞ্জ মহোদয়ের নির্দেশে পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তারে আমাকে সহায়তা করুন। কথা দিচ্ছি কাজ দিয়েই আমি প্রমাণ দেব। ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করলাম’।”
থানা পুলিশের এই অভিযানের ঠিক পরপরই ওসির এমন ফেসবুক স্ট্যাটাস এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।




