নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকার মো. রুবেল (৩০) ও তার স্ত্রী মোছা. হীরামনি (২৬) এবং ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকার নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মদনপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ জানায়, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




