ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে উত্তর কাশিপুর আলীপাড়া হতে আমেরিকার তৈরী একটি ৭.৬২ এমএম পিস্তলসহ এস এম ফাইয়াজ হাসান নিলয় নামে একজনকে আটক করেছে। সোমবার ( ৩০ ডিসেম্বর ) সকাল ৯টায় ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর ( তদন্ত ) সঙ্গীয় ফোর্স তাকে আটক করেন। আটক এস এম ফাইয়াজ হাসান নিলয় দক্ষিন কেরানীগঞ্জের পুর্বপাড়া কাউটাইল বর্তমানে চাষাড়া জামতলা এলাকার আলহাজ এস এম মনজুর আলমের ছেলে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর ( তদন্ত ) সুকান্ত দত্ত জানান,গোপন সংবাদের ভিত্তিতে অদ্য সকাল ৯টায় কাশিপুর আলীপাড়া এলাকার জনৈক বেবী বেগমের বাড়ির সামনে সন্দেহ জনকভাবে অবস্থান নেয়। প্রাপ্ত সংবাদে অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করে তার নির্দেশে আমি ও উপপরিদর্শক মো,নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সেখানে উপস্থিত হলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় এস এম ফাইয়াজ হাসান নিলয়কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে তার কোমড়ে গুজে রাখা আমেরিকার তৈরী ৭.৬২ এমএম পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.শরিফুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশিপুর থেকে গুলিবিহীন আমেরিকার তৈরী একটি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়।
আসামী এস এম ফাইয়াজ হাসান নিলয় এর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।




