ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার জন্য টাকা না দেওয়ায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে পুত্র।
আজ শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মাহবুব (৪২)। ঘটনার পর থেকে তার পুত্র মো. ইয়াসিন (২২) পলাতক রয়েছেন। নিহত মাহবুব কৃষি কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে ইয়াসিন তার বাবা মাহবুবের কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবী করেন। মাহবুব টাকা দিতে পারবে না বলে জানানোর পর দুজনের মধ্যে কথা কাটাকাটি তর্ক বিতর্ক শুরু হলেএক পর্যায়ে পুত্র ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাথাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গেছে- ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এ হত্যাকান্ড ঘটায় ইয়াসিন। অভিযুক্ত পুত্র পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




