সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পের চিহ্নিত মাদক সম্রাট বাবলাকে (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বিহারি ক্যাম্পে মাদকের চালান ঢুকেছে এই খবরের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) রাত ১ টায় অভিযান চালিয়ে আদমজী বিহারী ক্যাম্পে অবস্থিত বাবলার মাদকের ক্লাব হিসেবে পরিচিত অফিস থেকে তাঁকে আটক করে পুলিশ। এদিকে বাবলা ধরা পড়লেও এসময় তাঁর আরেক সহযোগী আরমান পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত বাবলা সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প এলাকার মেজর আলীর ছেলে। এদিকে মাদকসম্রাট বাবলার আটকের খবরে সিদ্ধিরগঞ্জ এলাকায় স্বস্তি নেমে এসেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসির মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে তারা সাদুবাদ জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামিসহ সন্ত্রাসী কর্মকান্ড, মাদকের ডিলার, চাঁদাবাজী, ছিনতাই, মারামারি, লুটতরাজের ঘটনায় তার বিরুদ্ধে রয়েছে কমপক্ষে ডজন খানেক মামলা। এছাড়াও সম্প্রতি জামিনে বেড়িয়ে বিহারী ক্যাম্পের অঘোষিত মাদকের সম্রাট সেজে যায় বাবলা ও তার ভাই মিঠুন। পুরো সিদ্ধিরগঞ্জ জুড়ে চলে মাদকের ডন বাবলার রমরমা ব্যবসা। এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ছিল সে। বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর। গ্রেফতারকৃত বাবলার বাবা আওয়ামী লীগ নেতা সিরাজ মন্ডলের সহযোগী মেজর আলীর বিরুদ্ধেও রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, আসামি বাবলা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আসামি বাবলাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।




