এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পূনর্বাসন সহায়তা খাত এর আওতায় হাইব্রিড মরিচ, রোপা আমন ধান বীজ ও বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার,চারা ও অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ ( শ্রীবরদী – ঝিনাইগাতী ) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড কর্মসূচি গ্রহণ করেছেন। এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে বীজ, সারসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো মাহমুদুল হাসান আকন্দ।
শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১ হাজার ৫ শত ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ৫ শত জনের মাঝে প্রত্যেককে ৫ টি করে চারা, ৩০ কেজি করে জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়। এছাড়া ৮০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল প্রমূখ । এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, , পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান মোহাম্মদ আল বেরুনীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক – কৃষাণী ।




