ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স প্রয়াত ফ্রানচিলিয়া গোমেজের পেনশন পাশ করে দিতে ঘুষ দাবী করে করেছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান।প্রয়াত নার্স ফ্রানচিলিয়া গোমেজের পুত্র বিনয় দেউড়ী ও সিভিল সার্জনের একটি অডিও রেকর্ড অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ ২৪.কম একটি অডিও প্রকাশ করলে সর্বত্র সমালোচনা – আলোচনার সৃষ্টি হয়। অনেকে সিভিল সার্জন ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী শাখাওয়াত হোসেন বকুলের হস্তক্ষেপ কামনা করেন।
জানা যায়,নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফ্রানচিলিয়া গোমেজ ২০২১ সালের এপ্রিল মাসে চাকুরী থেকে অবসর নেন।
অবসর নেওয়ার পরে তার পেনশনের দাবি পরিশোধ করার জন্য সিভিল সার্জন ডাক্তার মুশিউর রহমান ও জেলা একাউন্টস অফিসার আনোয়ার হোসেনের শরণাপন্ন হন কিন্তু উভয়ে মোট অংকের টাকা ঘুষ দাবি করলে ফ্রানচিলুিয়া গোমেজ তার কষ্টের অর্জিত টাকা ঘুষ দিতে অপারগতা প্রকাশ করেন।
এতে করে সিভিল সার্জন ডাক্তার মুশিউর রহমান তার সহযোগী আমিনুল ইসলাম, ডিস্ট্রিক্ট একাউন্ট অফিসার আনোয়ার হোসেনের যোগসাযশে পেনশনের ফাইল তালাবন্দী করে রাখেন।পরে অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে এক বছর আগে ফ্রানচিলিয়া গোমেজ মৃত্যুবরণ করেন।
৫ বছর অতিবাহিত হলেও ফ্রানচিলিয়া গোমেজের পরিবার আজো পেনশন পায়নি।
অপর দিকে সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান ও ফ্রানচিলিয়া গোমেজের পুত্র বিনয় দেউড়ীর কথোপকথন কালে সিভিল সার্জন বলেন,টাকা নিয়ে আসো চেক নিয়ে যাও।বিভিন্ন জায়গায় যাচ্ছো সবাইকে টাকার কথা বলছো এটা কি ঠিক।
অডিও প্রকাশ হলে চতুদিকে তীব্র সমালোচনা – আলোচনা চলছে।
উল্লেখ্য সিভিল সার্জন একটি জেলায় ২ বছর থাকার নিয়ম থাকলেও ডাঃ মুশিউর রহমান রহস্যজনক কারনে নারায়ণগঞ্জে ৬ বছর যাবত রয়েছেন।এতে তিনি ও তার সহযোগীরা ক্ষমতার অপ ব্যবহার,দূর্নীতির মহাসাগরে নিমজ্জিত হলেও তাদের বিরুদ্ধে কেউ কোন ব্যবস্থা গ্রহন করেনি।




