নারায়ণগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ওই যুবকের নাম মো. আরিয়ান।
তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাংলাদেশি পাসপোর্ট করতে ফতুল্লার ভুইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসেন। কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন তিনি একজন রোহিঙ্গা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
এ সময় তার কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র, নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ বিল কপি পাওয়া যায়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশি সেজে দালালের মাধ্যমে এই রোহিঙ্গা যুবক পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এর পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।




