ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পিলকুনিতে একটি সাইনবোর্ডবিহীন ডাইং ফ্যাক্টরির বর্জ্য কেমিক্যালযুক্ত পানি ও দুর্গন্ধে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ এলাকাবাসীর। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনি জামাইয়ের দোকান সংলগ্ন মোবারক মিয়ার জমিতে দীর্ঘদিন ধরে একটি ডাইং ফ্যাক্টরি পরিচালিত হয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ, ফ্যাক্টরিটি যথাযথ পরিবেশগত অনুমোদন ও ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়া পরিচালিত হচ্ছে। ফলে ফ্যাক্টরি থেকে নির্গত কেমিক্যালযুক্ত বর্জ্য পানি আশপাশের খাল, নালা ও পরিবেশে ছড়িয়ে পড়ছে।
এছাড়াও ফ্যাক্টরি থেকে নির্গত তীব্র দুর্গন্ধ ও দূষিত বায়ুর কারণে এলাকাবাসীকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীরা বেশি ক্ষতিগ্রস্তহচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, উক্ত ডাইং ফ্যাক্টরির মালিক সালমান ও সুমনের পাশাপাশি একই স্থানের পাশে আরও একটি নতুন ডাইং ফ্যাক্টরি নির্মাণের কাজ চলছে। এতে ভবিষ্যতে পরিবেশ দূষণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ অবস্থায় এলাকাবাসী অবিলম্বে অবৈধভাবে পরিচালিত কারখানার কার্যক্রম বন্ধ, পরিবেশগত অনুমোদনের বিষয় যাচাই এবং দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, আমরা মালিকপক্ষকে দীর্ঘদিন যাবত বলে আসছি তাদের বর্জ্যগুলো অন্যত্র অপসারন এবং কালো ধোয়া বন্ধ করতে কিন্তু তারা এলাকাবাসীর কথাকে কর্নপাত করছেনা। উল্টো তারা বলে বেড়ান যে পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই নাকি তারা এলাানে ব্যবসা করছেন। আপনারা যা খুশি করতে পারেন কিন্তু আমার এবং আমার প্রতিষ্ঠানের কিছুই করতে পারবেননা।
এ সময় উপস্থিত ছিলেন,ফিরোজ মোল্লা,আমজাদ মেম্বার,বেলাল হোসেন,কালু,হক সাহেব,আমিনুল,আক্তার হোসেন, আলমগীর হোসেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।




