সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী এ আহ্বান জানান।
‘মাদক নয়, জীবন চাই” ও “চুরি–ছিনতাই বন্ধ হোক” এবং একটাই হোক অঙ্গীকার, মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার’ এই শ্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কয়েকটি মসজিদের শতাধিক মুসল্লীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে এ আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনের শুরুতেই ধর্মমন্ত্রীর প্রেস সচিব মো: আশিকুর রহমান বলেন, ছিনতাই, চুরি, ডাকাতি, এইসব অপকর্মগুলির মূল একটা অপকর্ম হচ্ছে মাদক, মাদকের ক্রয়–বিক্রয়, মাদক সেবন, সহযোগিতা–সরবরাহ। আমরা প্রতিটি পাড়া–মহল্লায় গনসচেতনতা তৈরী করে তাদেরকে কঠোর হাতে প্রতিরোধ না করলে, শুধু আইন–শৃঙ্খলা বাহিনীর দিকে চেয়ে থাকলে হবে না। আমরা যদি তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে না পাড়ি তাহলে আমরা যারা দুই একজন সাহস করে প্রতিবাদ করি তাদেরকে টার্গেট করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। এদেরকে গণপ্রতিরোধের মূখে অবাঞ্চিত ঘোষণা করতে হবে।
দক্ষিণ সানারপাড় সমাজ কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বপন বলেন, আমরা এই মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসীকে অনুরোধ জানাই এদের বিরুদ্ধে রুখে দাড়ান, সবাই ঐক্যবদ্ধ হন। আইন–শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব, এদের বিরুদ্ধে আপনারা এ্যাকশন নিন। আমাদের যারা রাষ্ট্রক্ষমতায় আছেন তাদেরকে অনুরোধ জানাবো এই মাদককে প্রতিরোধ করার জন্য শুধু ধরলেই হবে না তাদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ করতে হবে।
নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, এলাকার মধ্যে যেভাবে মাদকের ছড়াছড়ি মহাআকার ধারণ করেছে। প্রতিটা অলিতে–গলিতে মাদক ব্যবসায়ী আছে। আমাদের যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে শুধু মাদকের কারণে। আমরা মাদককে না বলি। আমরা জানি কারা কারা ছিনতাই করে, কারা কারা মাদক বেঁচে। আমাদের এলাকার লোকেরাইতো বেঁচে। আমরা প্রশাসনের কাছে লিষ্ট দিব। এই লিষ্ট দেখে যারা শুধু খায় তাদেরকে ধরলে হবে না, যারা বিক্রি করে, যারা ডিলার তাদেরকে ধরতে হবে। ডিলার কে কে আছে আমরা জানি, আমরা ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিব, আমরা প্রশাসনের কাছে ডিলারদের নাম দিব। আমাদের এলাকার ডিলাররা যদি জেলে যায় অবশ্যই এলাকায় মাদক নির্মূল হবে।
এছাড়াও মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সানারপাড় সমাজ কল্যাণ সোসাইটির সহ–সভাপতি হাজী আলাউদ্দিন আহমেদ, উপদেষ্টা শহিদুল আলম বুলবুল, সৈয়দ মো: ইয়াছিন, আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, হানিফ পাটোয়ারী, সাবেক দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক অর্থ সম্পাদক নাজমুল হুদা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আমির হোসেন বাদশা, জামায়াত নেতা ফাহাদ ভুঁইয়া, একেএম শাহ আলম ও মো: শাহ আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।




