ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজি বাইকের ধাক্কায় গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আদমজী সড়কের মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।
পুলিশ জানায়, এদিন সকালে মোজাফফর টাওয়ারের সামনে একটি ইজি বাইকের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারমরদেহ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই বেলাল উদ্দিন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




