শ্রীবরদীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা ও কর্মী সমাবেশ।।
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রের কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর – ৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও ভালো হয়, জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা তা পূরণ হবে। কাজেই আগামী সংসদ নির্বাচনে জয়ী হতে হলে বিএনপি নেতা – কর্মীদের জনগণের পাশে যেতে হবে, জনগণের সাথে কথা বলতে হবে, জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে হবে।
বুধবার (৯ জুলাই) বিকালে পৌর বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এসময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের ১৭ বছরে শেরপুরের শ্রীবরদীতে বিএনপির নেতা কর্মীরা সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এসময় আমরা কেউ এক সাথে বসতে পারিনাই, কথা বলতে পারিনাই, মিছিল মিটিং করতে পারিনাই। বিএনপি এতো বড় দল হওয়া সত্ত্বেও আমাদের পক্ষে কোনভাবেই দলীয় কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হয়নি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারছি। আজকে কোনো মামলার ভয় নাই, পুলিশের গ্রেফতারি পরোয়ানার ভয় নাই। কাজেই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।
শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল প্রমুখ।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগি সংঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




