ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর বাটি বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিকের নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন বরকত নামে আরেক শ্রমিক। তাকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, রাত ২টার দিকে মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর বাটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারখানার শ্রমিক আলম হোসেন ও বরকত নামে শ্রমিক দগ্ধ হন। দগ্ধ ২ জনকে রাতেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে ভোরে আলম হোসেন মৃত্যুবরণ করেন। দগ্ধ অপর বরকত চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক।
নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।




