ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটা থেকে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে আংশিক ভেঙে ফেলা হয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত–২০১৯) অনুযায়ী বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় অবস্থিত তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স এস ইউ এ ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস এবং নিজাম উদ্দিন ব্রিকস (এনবিএম সেভেন)–প্রতিটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় এক্সকাভেটরের সাহায্যে মেসার্স বোখারী ব্রিকস কিলনের একটি অংশ ভেঙে ফেলা হয় এবং ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




