ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
রবিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন মাদক কারবারি মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




