নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আলআমিন মিয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা।
মঙ্গলবার (১৯ মে) এ হামলার ঘটনা ঘটে। আলআমিন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ইসলামিক টিভির রূপগঞ্জ প্রতিনিধি।
সাংবাদিক নেতা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাতের শামিল। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি ও অপরাধের চিত্র জনগণের সামনে তুলে ধরেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ বিরাজ করছে।
একই সঙ্গে সাংবাদিক আলআমিন মিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মীরা।




