ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সৈয়দপুরে শীতলক্ষ্যা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুজ্জামান বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে। তিনি একটি সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর একটি অটোরিকশা উল্টে যায়।
এ সময় শামসুজ্জামান অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




