এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে সীমান্তবর্তী পাহাড়ি জনপদে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
শেরপুর জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। কাজেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পাহাড়ি জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সরকারের এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অব্যাহত থাকবে এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস্ মনীষা আহমেদ, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধরী, সদস্য সচিব সোহানুর রহমান সোহান , উপজেলা যুব দলের আহ্বায়ক আবু রায়হান মো. আল বেরুনী, উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলার ৪৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মধ্যে মোট ১ লাখ ৯৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকা প্রদান করা হয়।
এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পাঁচ নারীকে সেলাই মেশিন এবং সাত শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।




