রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে। তবে এ সময় মোটরসাইকেলের চালক কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে থানার সামনে দিয়ে একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক মোটরসাইকেলটি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে পেছনে বাঁধা একটি বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, তল্লাশির সময় মোটরসাইকেলের পেছনে বাঁধা বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




