নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ সংলগ্ন এলাকায় পণ্যবাহী ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন গভীর রাত ও ভোরের দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যবাহী ট্রাক থামিয়ে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, ক্রাউন সিমেন্ট, শাহ সিমেন্ট, বসুন্ধরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রাক থেকে এভাবে অর্থ নেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় কিছু নিরাপত্তাকর্মীর (সিকিউরিটি গার্ড) যোগসাজশও রয়েছে। যদিও এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, চাঁদাবাজির পাশাপাশি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে। বাসাবাড়িতে চুরি, বিদ্যুতের তার কেটে নেওয়াসহ বিভিন্ন অপরাধে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, এভাবে চলতে থাকলে এলাকায় স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




