ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন মাসদাইর তালাফ্যাক্টরী এলাকায় সফি খন্দকারের রিক্সা গ্যারেজে দীর্ঘদিন যাবত জুয়ার বোর্ড পরিচালনা হলেও অনেকটা নির্ভার ভুমিকা পালন করছে থানা পুলিশ। এ নিয়ে স্থানীয়দের মাঝে দুঃশ্চিন্তার ভাঁজ দেখা দিলেও তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই থানা পুলিশের এমনটাই অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের দেয়া তথ্যসুত্রে জানা যায় যে, সফি খন্দকারের রিক্সা গ্যারেজের সেই জুয়ারবোর্ডটি পরিচালনা করছে তার ছেলে রিফাত এবং কসাই রসাগং। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এখানে জুয়ার আসর। প্রতিদিন সেই গ্যারেজের অটো চালকদের পাশাপাশি দুর-দুরান্ত থেকে আসা জুয়ারীরা নিয়মিতভাবে জুয়া খেলে যাচ্ছে। গ্যারেজের বাহিরে রিফাত ও রসা তাদের লোকজন দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছে যেন কোন পুলিশ কিংবা স্থানীয়রা কোনরুপ বাধা প্রদান করতে না পারে। আর এভাবেই সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছে তাদের জুয়ার বোর্ডটি। শুধু অটো চালক কিংবা দুরদুরান্তের জুয়ারীরা নয় স্থানীয় কিছু বখে যাওয়া বিভিন্ন বয়সী মানুষও এভাবে নিয়মিতভাবে জুয়া খেলে যাচ্ছে। যার ফলে জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে এলাকাতে ছোটখাটো চুরি ছিনতাইয়ে জড়িয়ে অনেক জুয়ারী।
নাম প্রকাশে একাধিক মানুষ জানান, শুধু জুয়াতেই সীমাবদ্ধতা নয় এখানে জুয়ার পাশাপাশি মাদক সেবনেরও আড্ডা চলছে হরহামেশা। কারন মাসদাইর হচ্ছে ঐতিহ্যবাহী একটি মাদকের জোন। সেখানে হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক। আর বিভিন্ন স্পট থেকে মাদক সংগ্রহ নিরাপদ সেবনের জোন হিসেবে সফি খন্দকারের জুয়ার আস্তানাটিকে মাদক সেবনের আখড়াতেও পরিনত করে তুলেছে। তাদের দাবী অতিদ্রুত সফি খন্দকারের গ্যারেজে গড়ে উঠা জুয়ার বোর্ডটি বন্ধে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুক।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.মাহবুব আলম বলেন,সেই বিষয়টি সর্ম্পকে আমি অবগত নই। তবে যদি এমন কর্মকান্ড সেখানে হয়ে থাকে তা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




