ষ্টাফ রিপোর্টার:
ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়সহ জেলার সকল উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, বিভিন্ন সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ হাটবাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে নিজ নিজ কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় বিভিন্ন সড়ক, ড্রেন ও জনসমাগমস্থলের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের আওতায় মশার ওষুধ ছিটানো হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; বরং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অপরিহার্য। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, অব্যবহৃত পাত্র ও পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের এ সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না। তাদের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই। আমরা যেন সব সুযোগ-সুবিধা ভোগ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে না যাই। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা শুধু একটি প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।
তিনি বলেন, এই পরিবেশে আমি যেমন বেড়ে উঠি, অন্যরাও তেমনি বেড়ে ওঠেন। পরিবেশের প্রভাব সবার ওপরই পড়ে। তাই প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।




