মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল আকাশ আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের মো. মোতাহার হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় এসআই মিজানুর রহমান ও এএসআই জসিম উদ্দিন শিকদার অভিযানে অংশ নেন। পরে আমিনুল আকাশকে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আমিনুল আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”




