রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ বাস্তবায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা আইসিটি অফিসার খায়রুল বাশার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ আরও অনেকে।
সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এছাড়া, অংশগ্রহণকারী খেলোয়াড়দের আগামী ২৭ এপ্রিলের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।




