ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে থানা যুবলীগের সহসাধারণ সম্পাদক মনির হোসেন (৫০) ও জেলা প্রজন্ম লীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাসকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাতে কায়েমপুর ও মধ্য সস্তাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন কায়েমপুর এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে। মাহমুদুল হাসান আলমাস মধ্য সস্তাপুর এলাকার ছমির উদ্দিন ঢালীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম ও রফিকুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করেন। পরে একই দল রাত ১০টার দিকে মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান আলমাসকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। শ্রমিক অসন্তোষের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




