নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মো. জুয়েল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল (৪৫) শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শান্তিনগর এলাকায় উপজেলা পুলিশের একটি অভিযানের সময় কয়েকজন যুবকের সঙ্গে জুয়েলের বাগবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন জুয়েলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুয়েল নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে গতকাল রাতে সৈকত, ফাহিমসহ আরো কয়েকজন মাদকসেবীদের সঙ্গে ভিকটিম জুয়েলের বাগবিতণ্ডা হয়। এর জের ধরেই একা পেয়ে তার নদীর পাড়ের অফিসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জুয়েলকে হত্যা করে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং জড়িতদের সনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।




